আসামির বাড়িতে গিয়ে বিপাকে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর হাতে আটক ।
নিজস্ব প্রতিবেদক | নিউজ প্রতিদিন বিডি |
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরের সালথা উপজেলায় গভীর রাতে এক মাদক মামলার আসামির বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
ঘটনাটি শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামে ঘটে। আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন ধরে ওই এলাকার এক মাদক মামলার আসামির বাড়িতে যাতায়াত করতেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চলছিল। ঘটনার রাতে তিনি ওই বাড়িতে প্রবেশ করলে সন্দেহের ভিত্তিতে স্থানীয়রা তাকে আটক করে এবং পরে মারধর করে।
তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার দাবি, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সেখানে গিয়েছিলেন। কিন্তু গভীর রাতে একা এবং সাদা পোশাকে সেখানে যাওয়ার বিষয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, আসামির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে—ব্যক্তিগত সম্পর্কের জেরে ওই পুলিশ সদস্য বাড়িতে আসতেন এবং ঘটনার দিনও সেই কারণেই সেখানে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে ওই পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় দেখা যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সময় আসামিকে ধরতে গেলে স্থানীয়রা ভুল বোঝাবুঝির কারণে ওই পুলিশ সদস্যকে আটক করে মারধর করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।