
ভাঙাচোরা সড়ক সংস্কার, স্বস্তি ফিরেছে নান্দাইলের কালেঙ্গা বাজার ব্যবসায়ি ও স্হানীয়দের।
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ | সময়: বিকেল ৩:০০টা
নিজস্ব প্রতিবেদক : নিউজ প্রতিদিন বিডি :
ময়মনসিংহ-নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার সংলগ্ন দীর্ঘদিনের ভাঙাচোরা একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশনায়। এতে দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটেছে এবং স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে কালেঙ্গা বাজারের পশ্চিম ও উত্তর পাশের সড়কের ক্ষতিগ্রস্ত অংশ কংক্রিট ও বালু দিয়ে তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে উঁচুনিচু হয়ে পড়েছিল, ফলে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয়দের অভিযোগ ছিল, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল না। বিষয়টি প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নজরে এলে তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্যোগে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে কংক্রিট ও বালু ফেলে মেরামতের কাজ সম্পন্ন করা হয়।
এলাকাবাসী জানান, কালেঙ্গা বাজার এলাকার এই সড়কটি স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে পণ্য আনা-নেওয়া, স্কুল-কলেজে যাতায়াতসহ বিভিন্ন কাজে প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন। সড়কটির খারাপ অবস্থার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত এবং যানবাহন চলাচলে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হতো।
সড়কটি দ্রুত সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হওয়ায় তারা খুবই খুশি। এ উদ্যোগের জন্য তারা প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সাময়িক সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে সড়কটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং মানুষের ভোগান্তি পুরোপুরি দূর হবে।
📰 প্রতিবেদন: নিউজ প্রতিদিন বিডি
📢 দেশ-বিদেশের সর্বশেষ খবর জানতে নিয়মিত ভিজিট করুন নিউজ প্রতিদিন বিডি এবং আমাদের সামাজিক মাধ্যমেও যুক্ত থাকুন।