লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: নিউজ প্রতিদিন বিডি: ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরম ও বিদ্যুৎ সংকটজনিত লোডশেডিংয়ের মধ্যে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এ বছর সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে প্রায় ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।
তবে পরীক্ষার আগ মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন অঞ্চলে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে মোমবাতি ও হারিকেনের আলোয় পড়াশোনা করছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
পাওয়ার গ্রিডের তথ্যমতে, সোমবার দুপুরে দেশে এক হাজার ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতি ছিল। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সরবরাহ কমে যাওয়া এবং জ্বালানি সংকটের কারণে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
চট্টগ্রাম অঞ্চলে পরিস্থিতি তুলনামূলক বেশি সংকটপূর্ণ। সেখানে একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় নিয়মিত লোডশেডিং চলছে। ফলে পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ উঠেছে।
পরীক্ষার্থীদের পাশাপাশি উদ্বিগ্ন অভিভাবকরাও। অনেকেই বলছেন, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাভাবিক প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছে। তবুও সব প্রতিকূলতা মোকাবিলা করেই পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত শিক্ষার্থীরা।
এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সাময়িকভাবে লোডশেডিং দিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছে বলেও জানানো হয়েছে।
সার্বিক প্রতিকূলতার মধ্যেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
📢 পাঠকের উদ্দেশ্যে
আপনাদের জন্য নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পৌঁছে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। সর্বশেষ আপডেট, বিশ্লেষণধর্মী প্রতিবেদন এবং নিরপেক্ষ খবর পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।