শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি__নাজমা আক্তারের
নিজস্ব প্রতিবেদক | নিউজ প্রতিদিন বিডি
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও বকেয়া বেতন পরিশোধের দাবি যৌক্তিক হলেও শ্রমিকদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে ভাঙচুর, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনাকে প্রকৃত শ্রমিক আন্দোলন হিসেবে দেখছেন না সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।
তিনি দাবি করেছেন, মিরপুর ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের নাম ব্যবহার করে যেসব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, সেসব ঘটনায় প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই। বরং রাজনৈতিক ইন্ধনে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে নাজমা আক্তার বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং নতুন মজুরি নির্ধারণে সরকার উদ্যোগ নিয়েছে। মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে নতুন মজুরি বোর্ড গঠনকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
দ্রুত মজুরি বোর্ড গঠনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পকারখানায় ভাঙচুর ও নাশকতায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কারণ, শিল্পকারখানা ধ্বংস হলে শেষ পর্যন্ত শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
নাজমা আক্তারের মতে, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশের তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। এ জন্য শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিউজ প্রতিদিন বিডি সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন পথচলা, নিরপেক্ষ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।