
ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল আসছে করজালে
নিজস্ব প্রতিবেদক | নিউজ প্রতিদিন বিডি |
প্রকাশিত : ১২ মে ২০২৬ | আপডেট সময় : ১২ মে ২০২৬ |
রাজস্ব আয় বাড়াতে নতুন খাত খুঁজছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলকে করের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকাভেদে ব্যাটারিচালিত রিকশার ওপর বছরে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে।
প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত রিকশার জন্য ৫ হাজার টাকা, পৌরসভা এলাকায় ২ হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা কর নির্ধারণের চিন্তা চলছে। লাইসেন্স প্রদান বা নবায়নের সময় এই কর আদায় করা হতে পারে।
এছাড়া মোটরসাইকেলের ক্ষেত্রেও সিসিভেদে অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব রয়েছে। ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর না থাকলেও ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কর দিতে হতে পারে।
সূত্র বলছে, বর্তমানে দেশে প্রায় ৫০ লাখের বেশি ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এর বড় একটি অংশ রাজধানী ঢাকায়। সরকার এসব যানবাহনকে নিবন্ধনের আওতায় এনে কর ব্যবস্থার মধ্যে আনতে চায়। ইতোমধ্যে বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালার খসড়াও প্রস্তুত করা হয়েছে।
যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, মোটরসাইকেলের ওপর কর আরোপ যুক্তিযুক্ত হলেও ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে সরকারকে আরও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে। কারণ রাজধানীতে অতিরিক্ত রিকশা চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনা বাড়ছে।
বর্তমানে গাড়ির মালিকদের মতোই নতুন প্রস্তাব কার্যকর হলে রিকশা ও মোটরসাইকেল মালিকদেরও নির্দিষ্ট হারে অগ্রিম আয়কর দিতে হবে, যা পরবর্তীতে আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করা যাবে।
নিউজ প্রতিদিন বিডি
দেশ ও বিশ্বের সর্বশেষ খবর পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং নিয়মিত আপডেটের জন্য সঙ্গে থাকুন।