
৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুনরায় শুরু
আপডেট: ০২ মে ২০২৬, রাত ১২:৩০
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ছয় দিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি মেরামত শেষে চালু করা হয়।
কর্তৃপক্ষ জানায়, চালু হওয়ার পর বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর আগে গত ২৫ এপ্রিল বয়লারের পাইপে ত্রুটি দেখা দিলে ইউনিটটি বন্ধ রাখতে হয়।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে এই বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন কার্যক্রম শুরু হলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত করা হয়। তবে বিভিন্ন যান্ত্রিক সমস্যার কারণে কেন্দ্রটি দীর্ঘ সময় পূর্ণ সক্ষমতায় উৎপাদন বজায় রাখতে পারেনি।
কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী জানান, ১ নম্বর ইউনিটটি এখন স্বাভাবিকভাবে উৎপাদনে রয়েছে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। পাশাপাশি ৩ নম্বর ইউনিটের ওভারহোলিং কার্যক্রম চলমান রয়েছে, যা আগামী ১৫ মে’র মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে একাধিকবার যান্ত্রিক ত্রুটি ও বয়লারে সমস্যার কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দেয়। নতুন করে উৎপাদন শুরু হওয়ায় পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নিউজ প্রতিদিন বিডি.কম
সর্ব শেষ নিউজ আপডেট জানতে পেইজটি ফলো
করুন