
ফরিদপুর প্রতিনিধি : নিউজ প্রতিদিন বিডি :
ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার মামলায় মিরাজ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন উপস্থিত বিচারপ্রার্থী ও আইনজীবীদের সামনে এ রায় ঘোষণা করেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুরে নগরকান্দায় শিশুটি মিরাজ শেখের বাড়ির আশপাশে খেলছিল। এ সময় মিষ্টি দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান মিরাজ। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর শিশুটির বাবা নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। তদন্ত শেষে মিরাজ শেখকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পাশাপাশি মামলার অন্যান্য প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করা হয়। শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দিয়ে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়েছেন।
রায় ঘোষণার সময় মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।